ঢাকা, ২০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:২৫ এএম, ১৯ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণ যুক্ত করা ‘রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

প্রকাশিত : ০৮:২৫ এএম, ১৯ আগস্ট ২০২৬

ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই

নিউজ ডেস্ক :

তারেকের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণ যুক্ত করা ‘রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যকে তিনি ‘অত্যন্ত রূঢ়’ ও ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, তারেক রহমানের ভারত সফরের তারিখ চূড়ান্ত করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। তাই সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে এক করে দেখার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।

সিক্রির ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার আগ্রহ ও গুরুত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এমন সংবেদনশীল কূটনৈতিক ইস্যু প্রকাশ্যে এভাবে তোলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক এই কূটনীতিক জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে দুই দফা ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম আমন্ত্রণটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য। এরপর বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারত থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়। তবে এসব আমন্ত্রণের বিষয়ে এখনো বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

বীণা সিক্রি বলেন, তারেক রহমানের ভারত সফরের জন্য সময়ের সুযোগ সীমিত। এ অবস্থায় শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে সফরের সঙ্গে যুক্ত করা অপ্রয়োজনীয় এবং কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তার মতে, প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া। কোনো দেশ অন্য দেশের কাছে কাউকে প্রত্যর্পণের অনুরোধ করলে সেটি নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগতে পারে। ফলে এই আইনি প্রক্রিয়ার সঙ্গে কোনো রাষ্ট্রপ্রধানের দ্বিপক্ষীয় সফরকে শর্ত হিসেবে যুক্ত করা সমীচীন নয়।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। গত রোববার (১৬ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম জানিয়েছিলেন, সফর নিয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক টানাপোড়েনের কারণে সফরের তারিখ চূড়ান্ত করতে কিছুটা জটিলতা রয়েছে বলে জানিয়েছে ঢাকা।

বাংলাদেশ সরকার ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে নয়াদিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক একটি অনুষ্ঠানে ভারতের সরকারি কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করেছিল এবং সেখানে দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com