ঢাকা, ২১ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:১২ এএম, ২১ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

দীপু মনির স্বামীর জানাজার পর তরুণ গ্রেপ্তার

প্রকাশিত : ১২:১২ এএম, ২১ আগস্ট ২০২৬

দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজের জানাজার পর আল রাফি প্রত্যয় নামে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজ ডেস্ক :

দীপু মনির স্বামীর জানাজার পর তরুণ গ্রেপ্তার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজের জানাজার পর আল রাফি প্রত্যয় (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের আজাদ মসজিদ এলাকা থেকে প্রত্যয়কে গ্রেপ্তার করা হয়। স্বামীর মৃত্যুর পর প্যারোলে মুক্তি পাওয়া দীপু মনিও ওই সময় মসজিদ প্রাঙ্গণে ছিলেন।

গুলশান থানার এসআই মফিজুর রহমান জানান, গত ৭ আগস্ট রাতে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত গোপন বৈঠকের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় প্রত্যয়কে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রত্যয় ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

প্রিজনভ্যানের পেছনে দৌড়ানোর ভিডিও

প্রত্যয়ের গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও বক্তব্য ছড়িয়ে পড়েছে। সংবাদকর্মী জাহিদ হাসান ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, দীপু মনিকে বহনকারী প্রিজনভ্যানের পেছনে কয়েকজন তরুণ দৌড়াচ্ছিলেন।

তার বর্ণনা অনুযায়ী, এ সময় কয়েকজন তরুণ দীপু মনিকে উদ্দেশ করে বিভিন্ন কথা বলেন। তাদের একজন হিসেবে প্রত্যয়কে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা ও শোনা যায় বলে তিনি উল্লেখ করেন। এরপর পুলিশ ওই তরুণকে আটক করে নিয়ে যায়।

অভিনেত্রী রোকেয়া প্রাচীও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দুই পুলিশ সদস্যকে এক তরুণকে ধরে নিয়ে যেতে দেখা যায়।

আরেকটি ভিডিওতে দীপু মনিকে বহনকারী প্রিজনভ্যানের পেছনে কয়েকজনের সঙ্গে প্রত্যয়কে দৌড়াতে দেখা যায়। সেখানে তাকে দীপু মনিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আপা আপনাকে আবার শিক্ষামন্ত্রী চাই।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ও বক্তব্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

মারা গেছেন তৌফীক নাওয়াজ

দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর তার জানাজা ও দাফনে অংশ নিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।


আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com