ঢাকা, ২২ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৩৪ এএম, ২২ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

চট্টগ্রামে জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ ৫৫ স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রকাশিত : ০২:৩৪ এএম, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া চুড়িগুলোর মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি, যা প্রায় ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম। এ ঘটনায় দোকানের সেলসম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পাঁচলাইশ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) আবিদ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, নগরের প্রবর্তক মোড়সংলগ্ন মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ কনক বাহার জুয়েলার্স’ নামে একটি প্রতিষ্ঠানে প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে সেলসম্যান হিসেবে কাজ করতেন রোমেন দে (৩৬)।

গত ১৪ আগস্ট দোকানের স্বর্ণের মজুত হিসাব করার সময় কয়েকটি চুড়ি কম পাওয়া যায়। পরে দোকানের সাতটি বাক্সে স্বর্ণের চুড়ির পরিবর্তে ইমিটেশনের চুড়ি রাখা হয়েছে বলে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় দোকানের মালিক বিপ্লব বসাক পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা ৫৩টি স্বর্ণের চুড়ির ওজন ছিল প্রায় ৯২৭ দশমিক ৫০০ গ্রাম বা ৭৯ দশমিক ৫১ ভরি। এসব চুড়ির আনুমানিক মূল্য ১ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।

মামলার তদন্তে প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ আগস্ট রাত ২টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে রোমেন দেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমেন দে আত্মসাৎ করা স্বর্ণের চুড়িগুলো বিভিন্ন জুয়েলারি দোকানে বন্ধক রাখার কথা জানান। এর মধ্যে ৪৬টি চুড়ি বাকলিয়ার মিয়াখান নগর রোডের ‘মডার্ন ইরানী জুয়েলার্স’-এর মালিক শ্যামল সিংহের কাছে বন্ধক রাখা হয়েছিল।

পরে ১৯ আগস্ট বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকা থেকে শ্যামল সিংহকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মিয়াখান নগর রোডের মডার্ন ইরানী জুয়েলার্স থেকে সাতটি স্বর্ণের চুড়ি উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে শ্যামল সিংহ আরও ৩৯টি চুড়ি বিভিন্ন জুয়েলারি দোকান ও বন্ধকী ব্যবসায়ীর কাছে রাখার তথ্য দেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার এলাকার বিভিন্ন দোকান ও বন্ধকী ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব চুড়ি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সব মিলিয়ে ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। এগুলোর মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি বা ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম।

এ ঘটনায় রোমেন দে, শ্যামল সিংহ, জয় দে ওরফে বাবু (২২), রনি দে (২৮), স্বপ্না দে (৫৫) ও ইমন দে (১৯)—এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলছে। স্বর্ণ আত্মসাৎ ও পরে বিভিন্ন স্থানে বন্ধক রাখার ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com