শিগগিরই ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করবে জামায়াত, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে একটি ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘শ্যাডো ক্যাবিনেট’ গঠন করেছে। এতদিন কাঠামোটির কার্যক্রম অনেকটা গোপন রাখা হলেও শিগগিরই এর সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, এরই মধ্যে দলীয়ভাবে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে এবং এর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সদস্যদের নাম প্রকাশ করা হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত মাসে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। উপযুক্ত সময়ে এর সদস্যদের নাম প্রকাশ করা হবে।
ছায়া মন্ত্রিসভায় কারা থাকছেন—এ বিষয়ে তিনি জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি সংগঠনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা, যারা বর্তমানে সংসদ সদস্য নন, তাদেরও এতে যুক্ত করা হয়েছে।
তার ভাষ্য, সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং সরকারকে জবাবদিহির আওতায় আনার লক্ষ্যেই এই কাঠামো তৈরি করা হয়েছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনকে।
জামায়াতের দাবি, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতিপ্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করার উদ্দেশ্যেই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে।
দলটির কয়েকজন শীর্ষ নেতা জানান, গত মাসে গোপনে এই কাঠামো গড়ে তোলা হয়। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনার কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার সদস্যরা।
প্রাথমিকভাবে জোটগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত দলীয়ভাবেই এ কাঠামো গড়ে তুলেছে জামায়াত।
এতে দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্রশিবির নেতাদেরও এই কাঠামোর সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।
জামায়াত জানিয়েছে, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণে আলাদা টিমও থাকবে। প্রয়োজন অনুযায়ী উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বণ্টন করা হতে পারে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com