অতিথি না করায় মাইক ভাড়া করে ‘১৪৪ ধারা’ জারির প্রচার, স্থগিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।
নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অতিথি হিসেবে আমন্ত্রণ না পাওয়ায় মাইক ভাড়া করে গ্রামজুড়ে ‘১৪৪ ধারা জারি’ হয়েছে বলে প্রচার করেছেন স্থানীয় এক ছাত্রদল নেতা। এ ঘটনার পর আয়োজকেরা ফাইনাল ম্যাচটি স্থগিত করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মারুফ আলী লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
আয়োজকদের ভাষ্য, দীর্ঘদিনের রীতি অনুযায়ী টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রামের প্রবীণ ব্যক্তিদের অতিথি করা হয়। এবার মারুফ আলীকে অতিথি তালিকায় না রাখায় তিনি ক্ষুব্ধ হন।
শুক্রবার বেলা ১১টার দিকে মাইক ভাড়া করে গ্রামজুড়ে ঘোষণা দেন মারুফ আলী। তিনি দাবি করেন, খেলার মাঠে ‘১৪৪ ধারা জারি’ করা হয়েছে এবং সেখানে কেউ খেলতে পারবেন না। তার এমন প্রচারের পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়োজকেরা ফাইনাল ম্যাচ স্থগিত করেন।
স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কোনো এলাকায় ১৪৪ ধারা জারি করা যায় না। তাই ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের ঘোষণা দেওয়ার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বলেন, ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে মারুফ আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com