নভেম্বরের মধ্যে ৫ হাজার ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি: সারজিস
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নভেম্বরের মধ্যে দেশের ৫ হাজার ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫ হাজার ইউনিয়নে এবং ২০২৭ সালের জুনের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনে আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম। এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সারজিস আলম বলেন, বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের আচরণ দেখা যাচ্ছে, ভবিষ্যতে তার চেয়েও বেশি ফ্যাসিবাদী আচরণের আশঙ্কা রয়েছে। এ কারণে নির্বাচনের পর এনসিপির প্রথম ও প্রধান লক্ষ্য হবে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা।
তিনি জানান, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের ৫ হাজার ইউনিয়নে এবং ২০২৭ সালের জুনের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনে আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ডিসেম্বর-জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে—এমন সম্ভাবনার কথা উল্লেখ করে সারজিস বলেন, সেই লক্ষ্য সামনে রেখে নভেম্বরের মধ্যে ৫ হাজার ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে।
আগামী নির্বাচনে এনসিপির ব্যানারে অংশ নিতে আগ্রহীদের সংগঠিত হয়ে দলের কমিটিতে যুক্ত হওয়ার এবং দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগরের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন সারজিস আলম। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বর্ষা শেষ হয়ে শরৎ ও শীত এলে মেয়র, সংসদ সদস্য ও প্রশাসনের কাছে নগরের জলাবদ্ধতার বিষয়টি গুরুত্ব হারায়। পরবর্তী বর্ষা এলে আবার লোকদেখানো কার্যক্রম শুরু হয়।
বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রতি চট্টগ্রামের জলাবদ্ধতা ও বেহাল সড়কের বিষয়ে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
সারজিস বলেন, বর্তমানে চট্টগ্রাম নগরের সড়ক ও আবাসিক এলাকার যে পরিস্থিতি, তাতে অসুস্থ ব্যক্তির হাসপাতালে যাওয়ার চেয়ে ঘরে থাকাই নিরাপদ বলে মনে হয়।
দ্রুত চট্টগ্রামকে একটি উন্নত ও আধুনিক নগরীতে পরিণত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান এনসিপির এই নেতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com