ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৬ আগস্ট) ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমান ঢাকায় যাত্রাবিরতি করে। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন তারা। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা এবং রাজপরিবারের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।
আলোচনায় বাংলাদেশ ও ভুটানের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি উঠে আসে। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হিসেবে ভুটানের ভূমিকার কথাও তিনি স্মরণ করেন।
এ সময় বাংলাদেশের প্রতি ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ আন্তরিকতা ও শুভকামনার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যের কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে ভুটানের রাজার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প নিয়েও আলোচনা হয়। তিনি প্রকল্পটির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ রয়েছে।
সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় এক ঘণ্টা ঢাকায় অবস্থানের পর ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ভুটানের উদ্দেশে রওনা হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com