৪ দূতাবাসে চাঁদা দাবি করে ই-মেইলে হুমকি, তদন্তে ডিবি
বাংলাদেশে অবস্থিত চীন, তুরস্ক ও পাকিস্তানসহ চারটি দূতাবাস এবং দেশের কয়েকটি সরকারি দপ্তরে চাঁদা দাবি করে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম দূতাবাসগুলোতে হুমকির বিষয়টি নিশ্চিত করেন।
পরে ডিবি সূত্রে তিনটি দূতাবাসের নাম নিশ্চিত করা হয়। ডিবি প্রধান জানান, একটি অপরাধী চক্র ইন্টারনেট ব্যবহার করে ই-মেইলের মাধ্যমে কূটনৈতিক জোনের বিভিন্ন দূতাবাসে হুমকি দিচ্ছে। একই সঙ্গে চাঁদা আদায়েরও চেষ্টা করছে তারা।
তিনি বলেন, চক্রটি সাধারণ ও নিরীহ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করে ই-মেইল পাঠাচ্ছে। যাদের নম্বর ব্যবহার করা হচ্ছে, তারা নিজেরাও বিষয়টি সম্পর্কে অবগত নন।
ডিবির প্রাথমিক ধারণা, ঘটনাটি শুধু চাঁদাবাজির উদ্দেশ্যে নাও হতে পারে। কাউকে হয়রানি করা কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরেও এসব হুমকি দেওয়া হয়ে থাকতে পারে।
এ ছাড়া বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসগুলোর মধ্যে আতঙ্ক তৈরি করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাও চক্রটির অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে জানিয়েছেন ডিবি প্রধান।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com