নেপালের রসুয়া জেলায় তুষারধস ও আকস্মিক বন্যার পর চলছে উদ্ধার অভিযান।
নেপালে ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিকও রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) নেপাল ট্যুরিজম বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক হালনাগাদ তথ্যে নিখোঁজ পর্যটকদের এই সংখ্যা জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নেপালের রসুয়া জেলায় তুষারধসের পর আকস্মিক বন্যার সৃষ্টি হয়। পুলিশের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, সীমান্তের উভয় পাশে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। দুর্গত এলাকায় অবস্থানরত কিংবা ওই অঞ্চল দিয়ে ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে অবস্থিত রসুয়া জেলাতেই বন্যার ব্যাপক প্রভাব পড়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, ভূমিকম্পের পর তুষারধসের সৃষ্টি হয় এবং এর পরই আকস্মিক বন্যা দেখা দেয়। তবে ঘটনার বিষয়ে পাওয়া তথ্যগুলো এখনো যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।
শিশির খানাল আরও জানান, নেপালের পাশাপাশি প্রতিবেশী চীনও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেপাল চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
তিনি জানান, নিখোঁজদের মধ্যে নেপাল পুলিশের ২৬ সদস্য, সশস্ত্র পুলিশের ৯ সদস্য এবং সেনাবাহিনীর ৪৪ সদস্য রয়েছেন। এছাড়া কাস্টমস ও ইমিগ্রেশন বিভাগের কয়েকজন কর্মকর্তারও খোঁজ পাওয়া যাচ্ছে না।
নেপাল পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো অভিযান অব্যাহত রেখেছে।
সূত্র: সিএনএন, নেপাল ট্যুরিজম বোর্ড
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com