লুইজিয়ানায় নতুন স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে স্পেসএক্স।
ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান SpaceX যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে তাদের সবচেয়ে বড় মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। ‘স্টারবেস, লুইজিয়ানা’ নামে প্রস্তাবিত এই মেগা প্রকল্পে প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। আগামী বছর এর নির্মাণকাজ শুরুর কথা রয়েছে।
স্পেসএক্স জানিয়েছে, নতুন উৎক্ষেপণ কেন্দ্রটি পৃথিবীর কক্ষপথ, চাঁদ, মঙ্গল গ্রহ এবং এর বাইরের বিভিন্ন গন্তব্যে বছরে হাজার হাজার স্টারশিপ মিশন পরিচালনার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লুইজিয়ানার এই ঘাঁটি থেকে ২০২৯ সালে প্রথম স্টারশিপ উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
ইলন মাস্কের মহাকাশকেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনায় মঙ্গল গ্রহে মানুষের পৌঁছানো, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়ন এবং মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের মতো উচ্চাভিলাষী উদ্যোগ রয়েছে। এরই অংশ হিসেবে গত আগস্টে স্পেসএক্স ও Tesla টেক্সাসে ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয়ে ‘টেরাফ্যাব’ নামে এআই চিপ তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনাও ঘোষণা করে।
নতুন উৎক্ষেপণ কেন্দ্রটি লুইজিয়ানার অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। স্পেসএক্সের তথ্য অনুযায়ী, স্থাপনাটিতে সরাসরি ৩ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে।
লুইজিয়ানা ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সির হিসাবে, নতুন ঘাঁটিতে কর্মরতদের গড় বেতন ওই অঞ্চলের বর্তমান গড় বেতনের তুলনায় প্রায় ১৯২ শতাংশ বেশি হতে পারে। পাশাপাশি পরোক্ষভাবে আরও ৮ হাজার ১০০টির বেশি কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে লুইজিয়ানা ভবিষ্যৎ প্রজন্মের মহাকাশ গবেষণা ও প্রযুক্তির অন্যতম বৈশ্বিক কেন্দ্রে পরিণত হতে পারে। একই সঙ্গে মহাকাশে মানুষের যাতায়াত ও গবেষণার সুযোগও আরও বিস্তৃত হবে।
লুইজিয়ানার নতুন স্থাপনাটির নাম টেক্সাসের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্পেসএক্সের অপর একটি উৎক্ষেপণকেন্দ্রের নাম অনুসারেই রাখা হবে।
সূত্র: বিবিসি
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com