জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. মুহাম্মদ রেজাউল করিমের বক্তব্য
আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে শেখ হাসিনার দেশে ফেরা এবং সরকারের পতন একই সঙ্গে ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করিম বলেন, সরকার একদিকে জাতীয় ঐক্যের কথা বলছে, অন্যদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এমন উদ্যোগ নেওয়া হলে তার পরিণতি ভালো হবে না। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ, খুন ও তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এ জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, শেখ হাসিনার শাসনামলে নির্যাতিত মানুষেরাই তাঁকে দেশে ফেরার পথে আটক করে বিচারের মুখোমুখি করবে।
দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর জন্য ক্ষমতাসীনদের দায়ী করেন জামায়াতের এ নেতা। তাঁর অভিযোগ, ক্ষমতাসীনদের একটি অংশ অর্থ ও প্রভাব কাজে লাগিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে। এমনকি মন্ত্রী-এমপিরা কারাগারে গিয়ে দলটির নেতাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।
রাষ্ট্রপতিকে নিয়েও বক্তব্য দেন রেজাউল করিম। তিনি দাবি করেন, রাষ্ট্রপতি একসময় বিএনপির মহাসচিব ছিলেন এবং নিজের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগকে ঘিরে নতুন করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।
সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হন আইনজীবী রেজাউল ইসলাম খাঁন সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমীর মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, নবনির্বাচিত উপজেলা আমীর এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীমসহ স্থানীয় নেতারা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com