বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহল ও নিরাপত্তা কার্যক্রম।
বেনাপোলসহ যশোরের আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে সমাবেশের খবরকে কেন্দ্র করে এ সতর্কতা বাড়ানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা।’
রোববার সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়। অতিরিক্ত বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজনকে অবস্থান করতে দেখা যায়। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। একপর্যায়ে ওই বিজিবি সদস্যকে কফিন নিয়ে মন্তব্যটি করতে শোনা যায়।
এদিকে, সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে।
সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজিবির এ অধিনায়ক বলেন, সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com