ফেনীর দাগনভূঞা থানার ওসি ও যুব মহিলা লীগ নেত্রীর অডিও ফাঁসের ঘটনা
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে ওই নেত্রীকে নিজের বাংলোয় আসতে বলেন ওসি।
অডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ কোনো সমস্যা হবে কি না, যুব মহিলা লীগ নেত্রী জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’
এ সময় তাসকিরা তানিন সনি ওসিকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলে কথোপকথনে শোনা যায়। এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় জড়ানোর বিষয়েও দুজনের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তাঁদের কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারের জন্য ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com