ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনটিকেই দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র।
এটাই প্রথমবার, দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানালেন শেখ হাসিনা। তার এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা সরকারের কাছে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথি চাওয়ার পাশাপাশি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এখন সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় তার ফেরার জন্য বিমানের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন তিনি।
মুখপাত্র আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে রোববার রয়টার্সকে এক বাংলাদেশি মন্ত্রী জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনাও হয়নি বলে জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্রনেতৃত্বাধীন ওই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন।
তবে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com