রাজধানীর বিভিন্ন এলাকায় চারটি বাসে আগুন ও ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে মোহাম্মদপুর, যাত্রাবাড়ীসহ ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিট থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।
অন্যদিকে, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান জানান, দুর্বৃত্তরা বাসটির পেছন দিক থেকে আগুন দেয়। এতে কেউ হতাহত হননি। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশের বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান।
এ ছাড়া রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের আগে রাইদা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাসে যাত্রী থাকলেও তাঁরা নিরাপদে বের হতে পেরেছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যান।
পরে রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়-সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। রাত ১০টা ২০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ওসি রুবেল হাওলাদার। তিনি জানান, ককটেল দুটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।
মোহাম্মদপুরের শিয়া মসজিদ-সংলগ্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া শ্যামলী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদপুর থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ছাত্রলীগের নেতা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com