ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৩৬ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

উচ্ছেদের পরও সড়কে ফিরছে হকার, জনচাপে ভারসাম্য হারাচ্ছে ঢাকা

প্রকাশিত : ০৫:৩৬ এএম, ০২ অক্টোবর ২০২৬

উচ্ছেদ অভিযানের পরও রাজধানীর সড়ক ও ফুটপাতে ফিরছেন হকাররা।

নিউজ ডেস্ক :

জীবিকার টানে প্রতিদিন রাজধানী ঢাকায় ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে শহরের সড়ক, ফুটপাত ও নাগরিক সেবার ওপরও বাড়ছে চাপ। এর সঙ্গে অপরিকল্পিত নগরায়ণ ও সড়ক-ফুটপাত দখলের কারণে বাড়ছে নগরবাসীর ভোগান্তি।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৩ কোটি ৬৬ লাখ জনসংখ্যা নিয়ে ঢাকা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর। প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার জনসংখ্যা প্রায় ৪ কোটি ১৯ লাখ। জাতিসংঘের প্রক্ষেপণ অনুযায়ী, ২০৫০ সালে ঢাকা প্রায় ৫ কোটি ২১ লাখ জনসংখ্যা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হতে পারে।

এমন জনবহুল নগরীতে সীমিত সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা ভাসমান দোকান ও হকারদের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতে যানজট ও পথচারীদের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে ফুটপাত দখলের বিষয়টি সামনে আসছে।

সম্প্রতি নগরবাসীকে সড়ক ও ফুটপাতের ভোগান্তি থেকে স্বস্তি দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) একাধিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত প্রধান সড়ক হকারমুক্ত ঘোষণা করে সংস্থাটি। নির্ধারিত স্থান ছাড়া সড়কে হকার বসলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

এর ধারাবাহিকতায় ধলপুর এলাকাতেও সড়ক ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানো হয়। তবে উচ্ছেদের পরও অনেক এলাকায় আবারও হকারদের বসতে দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

হকারদের বক্তব্য, উচ্ছেদ করা হলেও তাদের বিকল্প বা নির্ধারিত জায়গা না দেওয়া হলে জীবিকার তাগিদে তারা আবারও সড়ক ও ফুটপাতে বসতে বাধ্য হন। তাদের কেউ কেউ বলছেন, স্থায়ীভাবে পুনর্বাসন বা নির্ধারিত স্থান নিশ্চিত করা হলে তারা প্রধান সড়ক দখল করতে চান না।

এক হকার বলেন, ‘আমাদের সংসার আছে, বউ-বাচ্চা আছে। নিজেদের চলার তাগিদেই আমরা বসি। আমাদের যদি নির্দিষ্ট জায়গা দেওয়া হয়, তাহলে সেখানে বসব।’

অন্য এক হকারের ভাষ্য, অভিযান চালানোর পর কর্তৃপক্ষ চলে গেলে তারা আবার বসেন। তবে জনদুর্ভোগ সৃষ্টি করাও তারা চান না। টেকসইভাবে হকারদের জন্য একটি ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এদিকে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। ১ অক্টোবর ধলপুর এলাকায় সড়ক ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের পর তিনি বলেন, নির্ধারিত স্থান ছাড়া কোথাও হকার বসতে দেওয়া হবে না। জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত প্রধান সড়কেও হকার বসতে দেওয়া হবে না বলে জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, সিটি করপোরেশনের নির্ধারিত জায়গার বাইরে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি মালামাল জব্দ ও মামলা করা হবে। রাজধানীর হকারদের নিবন্ধনের আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।

ফলে একদিকে নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ চলছে, অন্যদিকে জীবিকার প্রশ্নে হকারদের পুনর্বাসন বা নির্ধারিত স্থান দেওয়ার দাবি রয়েছে। ঢাকার দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে উচ্ছেদের পাশাপাশি টেকসই ব্যবস্থাপনা কতটা কার্যকর হয়, সেটিই এখন বড় প্রশ্ন।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com