ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক রিপোর্ট :
প্রকাশিত : ০৭:৫১ এএম, ২২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

যুক্তরাষ্ট্রে জীবন বাজি রেখে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের শিশুদের বাঁচালেন মুসলিম যুবক

প্রকাশিত : ০৭:৫১ এএম, ২২ অক্টোবর ২০২৬

চালক অসুস্থ হয়ে পড়লে চলন্ত স্কুলবাস থামিয়ে শিশুদের রক্ষা করেন এব্রো আহমেদ।

আন্তর্জাতিক রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চলন্ত স্কুলবাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাসটি থামিয়ে প্রায় ২০ শিশুকে সম্ভাব্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন ২৭ বছর বয়সী এক যুবক। এব্রো আহমেদ নামের ওই যুবকের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার ঘটনা ইতোমধ্যে আলোচনায় এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে আহমেদ জানান, শিশুদের নিরাপত্তার বিষয়টি তিনি নিজের দায়িত্ব বলে মনে করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিতেও তিনি পিছপা হতেন না বলে জানান এই যুবক।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (১৯ অক্টোবর) মিনেসোটার একটি কনভেনিয়েন্স স্টোরের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা আহমেদ দেখতে পান, স্কুলবাসটির দরজা খোলা অবস্থায় সেটি সামনে এগিয়ে যাচ্ছে। সন্দেহ হওয়ায় বাসের ভেতরে তাকিয়ে তিনি চালককে খিঁচুনির মতো শারীরিক সমস্যায় আক্রান্ত অবস্থায় দেখতে পান।

পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্ত দেরি না করে বাসটির দিকে ছুটে যান তিনি। এরপর বাসে উঠে জরুরি ব্রেক টেনে গাড়িটি থামিয়ে দেন। তার দ্রুত পদক্ষেপে বাসে থাকা শিশুদের বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।

ঘটনার ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে আহমেদ জানান, বাসের ভেতরে কয়েকজন শিশু চিৎকার করছিল, আবার কেউ কেউ নীরব ছিল। সামনের সারিতে বসা দুই শিশু তাকে পরিস্থিতি সামাল দিতে সহায়তা করে। নিজের ফোন ও চশমা তাদের একজনের কাছে রেখে তিনি বাস থামানোর কাজে মনোযোগ দেন।

আহমেদ আরও জানান, জনপ্রিয় মার্কিন চিকিৎসাবিষয়ক টিভি সিরিজ ‘গ্রেজ অ্যানাটমি’ থেকে দেখা বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার ধারণা তাকে এমন সংকটময় মুহূর্তে শান্ত থাকতে অনুপ্রাণিত করেছে। তার মতে, টেলিভিশনের এমন অনুষ্ঠান থেকেও বাস্তব জীবনে কাজে লাগতে পারে এমন কিছু শিক্ষা পাওয়া যায়।

সেন্ট পল পাবলিক স্কুলস কর্তৃপক্ষ এবিসি নিউজকে জানিয়েছে, স্কুলবাসটিতে একটি চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে প্যারামেডিকস দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কোনো শিশু আহত হয়নি।

পরে শিক্ষার্থীদের অন্য একটি বাসে স্থানান্তর করে বাড়িতে পাঠানো হয়। ঘটনার পরদিন মঙ্গলবার স্কুলের কাউন্সেলররা শিক্ষার্থীদের খোঁজখবর নেন। বাসচালককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com