হায়দরাবাদে হ্রদে পড়া শিশুকে বাঁচিয়ে পুরস্কৃত তিন ব্যক্তি
ভারতের হায়দরাবাদের হুসেন সাগর হ্রদে ছয় বছর বয়সী মেয়েকে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। তবে তিন ব্যক্তির তাৎক্ষণিক সাহসিকতায় প্রাণে রক্ষা পেয়েছে শিশুটি। তাঁদের মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেছে হায়দরাবাদ পুলিশ।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকাজে অংশ নেওয়া তিন ব্যক্তি হলেন বালকৃষ্ণ, ফখরুদ্দিন ও মোহাম্মদ আফসার। তাঁদের মধ্যে একজন পথচারী, একজন অটোরিকশাচালক এবং অন্যজন ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারী হায়দরাবাদের বোয়েনপল্লি এলাকার বাসিন্দা। তাঁর আট ও ছয় বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। ছোট মেয়ের দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং চিকিৎসার ব্যয় নিয়ে হতাশা থেকে তিনি এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার দিন দুই মেয়েকে নিয়ে হুসেন সাগর হ্রদের পাড়ে যান ওই নারী। একপর্যায়ে বড় মেয়েকে আইসক্রিম কিনতে পাঠিয়ে ছোট মেয়েটিকে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপর তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পানিতে পড়ার পর শিশুটি একটি বাঁশের খুঁটি আঁকড়ে ধরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে।
শিশুটির চিৎকার শুনে বালকৃষ্ণ নামের এক পথচারী আশপাশের লোকজনকে সতর্ক করেন। এরপর ফখরুদ্দিন নামের এক অটোরিকশাচালক গাড়ি থামিয়ে শিশুটিকে উদ্ধারের জন্য হ্রদে ঝাঁপ দেন।
মোহাম্মদ আফসার নামের এক ব্যবসায়ীর সহযোগিতায় শিশুটিকে নিরাপদে তীরে তুলে আনা সম্ভব হয়। তাঁদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
পরে ঘটনাস্থলে থাকা টহল পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য গান্ধী হাসপাতালে পাঠায়।
ঘটনার পর ডোমালগুদা থানার পুলিশ শিশুটির মায়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছে। শিশুটিকে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উদ্ধারকারী তিন ব্যক্তির সাহসিকতার প্রশংসা করে হায়দরাবাদের পুলিশ কমিশনার সজ্জনার বলেন, অনেক সময় বিপদে কাউকে সাহায্য করার বদলে মানুষ মোবাইল ফোনে ভিডিও ধারণে ব্যস্ত থাকেন। এমন পরিস্থিতিতে ওই তিন ব্যক্তির এগিয়ে আসা মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্বপূর্ণ উদাহরণ।
তাঁদের সাহসী উদ্যোগের স্বীকৃতি হিসেবেই নগদ অর্থ দিয়ে সম্মানিত করেছে পুলিশ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com