গণপিটুনিতে নিহত ওয়াহিদুজ্জামান শামীম
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পারুলিয়া ও কুলিয়া এলাকায় তাঁকে মারধরের ঘটনা ঘটে। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শামীম দেবহাটা উপজেলার বড়শান্তা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ফেসবুকে আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র কোরআন ও সাহাবিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে শামীমের বিরুদ্ধে। তাঁর কথিত কিছু কথোপকথন ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) রাতে কয়েকজন ব্যক্তি শামীমের বাড়িতে যান। এ সময় তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুলিয়ার সবুর ডাক্তারের চেম্বারে ভর্তি করেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি নিয়ে পারুলিয়া ও কুলিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত লোকজন কুলিয়ার ওই চিকিৎসাকেন্দ্রে গিয়ে শামীমকে মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে তাঁকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেও দ্বিতীয় দফায় তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছে।
রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশি পাহারায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে স্থানীয় লোকজন শামীমকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়।
ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
দেবহাটা থানার ডিউটি অফিসার এএসআই ইব্রাহিমও শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য নিয়ে ওঠা অভিযোগের সত্যতা এখনো তদন্তসাপেক্ষ। অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, কাউকে মারধর করে হত্যা করা আইনসম্মত নয়। এ ঘটনায় কারা জড়িত, কীভাবে হামলার ঘটনা ঘটেছে এবং মৃত্যুর জন্য দায়ীদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্ত জরুরি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com