ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৬:৩৭ এএম, ১৩ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

চট্টগ্রামে সোনার দোকানের শোকেসে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর

প্রকাশিত : ০৬:৩৭ এএম, ১৩ অক্টোবর ২০২৬

সোনার দোকানের শোকেসে অজগর। ছবি : ভিডিও থেকে নেওয়া।

ডিজিটাল রিপোর্ট :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় দোকানিরা সাপটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্স নামের একটি দোকানে অজগরটি দেখতে পান লোকজন। দোকানের শোকেসে বিশাল আকৃতির সাপটি ঝুলে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় সেটিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

সংরক্ষিত বন থেকে আসার ধারণা

দোভাষী বাজারের পাশেই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বন থেকে প্রায়ই অজগর লোকালয়ে চলে আসে। এর আগেও বাজার এলাকায় অজগর দেখা যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার রাতের ঘটনাটি উপস্থিত কয়েকজন ভিডিওতে ধারণ করেন। পরে সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক জানান, রাতে দোকানের শোকেসে অজগরটি দেখে প্রথমে তাঁরা ভয় পেয়ে যান। পরে সবার সহযোগিতায় সেটিকে নিচে নামিয়ে আনা হয়। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

রাম পাহাড়ে অবমুক্ত

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। মঙ্গলবার সেটিকে স্থানীয় রাম পাহাড় এলাকায় অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, বাজারের পাশেই সংরক্ষিত বনাঞ্চল থাকায় সেখান থেকে অজগরটি লোকালয়ে চলে এসে থাকতে পারে। এর আগেও ওই এলাকায় অজগর উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে আগের সাপগুলো আকারে ছোট ছিল। এবারই প্রথম প্রায় ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।

বনাঞ্চলসংলগ্ন এলাকায় বন্য প্রাণীর এমন উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক তৈরি হলেও বন বিভাগের উদ্যোগে অজগরটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com