নিহত হালিমা আক্তার (৩)। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে হালিমা আক্তার নামে তিন বছর বয়সী নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় এক প্রতিবেশীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত হালিমা আক্তার ওই এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে শিশু হালিমা হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে মসজিদের মাইকে শিশুটির নিখোঁজের সংবাদ প্রচার করা হয়। কোনো সন্ধান না পেয়ে বিকেল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। পরে রাত ৯টার দিকে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের একটি আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই বাড়ির আবদুল আউয়াল, তাঁর স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
শিশুটির মা রাশেদা আক্তার অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com