মাহফুজুল হায়দার চৌধুরী রোটন
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ আজ ভারত থেকে বাংলাদেশে আনার কথা রয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন রোটন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ অক্টোবর) তার মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মৃত্যুর পর শনিবার কলকাতার নিউটাউনের জগারডাঙ্গা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ আগস্ট পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন রোটন। পরবর্তী সময়ে চিকিৎসার প্রয়োজনে তিনি কলকাতায় অবস্থান করছিলেন।
তার মরদেহ আত্মীয় শাহানুর রহমানের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে রোটনের পৈতৃক বাড়ি। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com