ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:৩০ এএম, ১১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

আ ন ম আয়াস কে? গ্রাফিতি মোচা থেকে শুরু করে যত বিতর্ক ও শিরোনাম

প্রকাশিত : ১২:৩০ এএম, ১১ অক্টোবর ২০২৬

সেগুনবাগিচা থেকে আটক আয়াস

ডিজিটাল রিপোর্ট :

জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে বিভিন্ন কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নানা বিতর্কের জন্ম দিয়ে বারবার আলোচনায় এসেছেন আ ন ম আয়াস। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের নেতৃত্ব দেওয়া এই তরুণ এবার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ফুটপাতের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার সময় তাঁকে ও তাঁর সঙ্গে থাকা আরও দুজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করে। পরে সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

প্রেস ক্লাবে সংঘর্ষ ও মারধরের শিকার

আ ন ম আয়াস একসময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব ছিলেন। গত ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) এবং রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসেন। ওই ঘটনায় তিনি নিজেও মারধরের শিকার হন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে চড় মারার অভিযোগ ওঠে আয়াসের বিরুদ্ধে। এর জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে সংঘর্ষ বাঁধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শান্তা ফারজানাসহ কয়েকজন আয়াসের ওপর চড়াও হন এবং মাটিতে পড়ে যাওয়ার পর তাঁকে পাইপ দিয়ে আঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও দায়ের হয়।

ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা

গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে আয়াসের নেতৃত্বে একদল লোক অবস্থান নেন। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ও ভিডিও ধারণের অভিযোগে তিন ব্যক্তিকে মারধর করা হয়। এ সময় এক রিকশাচালকের মোবাইল ফোন তল্লাশি করে তা যুবলীগের এক নেতার কাছে পাঠানোর অভিযোগ তুলে ওই রিকশাচালককেও মারধর করা হয়।

এ বিষয়ে তখন সাংবাদিকদের আয়াস জানিয়েছিলেন, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারেন, সেজন্য তাঁরা সেখানে অবস্থান নিয়ে সন্দেহভাজনদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। মব বা বিশৃঙ্খলার অভিযোগ তিনি সে সময় অস্বীকার করেছিলেন।

ময়মনসিংহে হামলা ও ভালুকায় বিতর্ক

গত বছরের ২৬ মে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় হামলার শিকার হয়ে ছুরিকাহত হন আয়াস। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব থাকা অবস্থায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের প্রসঙ্গ তুলে তাঁকে মারধর করা হয়েছিল বলে তিনি জানান।

এরপর গত ১৬ আগস্ট ময়মনসিংহের ভালুকায় সংগঠনের কাজে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। যদিও সে সময় তিনি নিজেই ভালুকা থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।

তিন নারীর বিরুদ্ধে জিডি ও সাকিবের বাড়ির সামনে ভিডিও বিতর্ক

গত ৩ জুলাই জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আয়াস ও তাঁর সংগঠনের তিন সদস্য।

এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে গিয়ে একটি আপত্তিকর ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড ও কর্মসূচির মধ্য দিয়ে সংবাদের শিরোনামে আসা আ ন ম আয়াসকে সর্বশেষ শিল্পকলা একাডেমির সামনে থেকে গ্রাফিতি মোছার চেষ্টার অভিযোগে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করা হয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com