মেলান্দহে নিষিদ্ধ লীগের নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার গরুর মাংসের ভূরিভোজ ও প্রার্থী ঘোষণা
জামালপুরের মেলান্দহে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বর রহমান মাস্টার। উঠান বৈঠকের নামে আয়োজিত এ অনুষ্ঠানে ভূরিভোজ শেষে নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে ভোট চান তিনি। অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতারাও তাঁর পক্ষে সমর্থনের কথা জানান।
অথচ নির্বাচনের তফসিল ঘোষণা তো দূরের কথা, এখনো দলীয়ভাবে কোনো প্রার্থীকে মনোনয়ন বা সমর্থন দেয়নি বিএনপি। এ ঘটনায় দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাঠা গ্রামের আইডিয়াল স্কুল মাঠে এই আয়োজন করা হয়। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বর রহমান মাস্টার ভূরিভোজ শেষে আনুষ্ঠানিকভাবে নিজেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে উপস্থিত লোকজনের কাছে ভোট চান।
অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাহমুদপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক ও স্থানীয় হাড়গীলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল হক মাস্টারকে উপস্থিত থাকতে দেখা যায় এবং তিনি সেখানে বক্তব্যও রাখেন। এ ছাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হুসেন তারা, একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসান হায়দার বিদ্যুৎসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা সাজিদুল হক মাস্টার দাবি করেন, মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তৈয়বর রহমান মাস্টারকেই সমর্থন দিয়েছেন সংসদ সদস্য (এমপি)। তবে কোন সংসদ সদস্য তাঁকে সমর্থন দিয়েছেন, সে বিষয়ে বক্তব্যে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে নির্বাচন কমিশন এখনো স্থানীয় সরকার নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করেনি। বিএনপিও দলীয়ভাবে কাউকে আনুষ্ঠানিক মনোনয়ন বা সমর্থন দেয়নি। এর মধ্যেই উঠান বৈঠকের নামে এমন অভিনব ভূরিভোজের আয়োজন করে প্রার্থী ঘোষণা ও ভোট চাওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ভূরিভোজে উপস্থিত একাধিক বিএনপিকর্মী এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান, দলীয়ভাবে প্রার্থী নির্ধারণের আগেই এমন বিতর্কিত আয়োজন এবং তাতে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য সমর্থনের বক্তব্য স্থানীয় রাজনীতিতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এসব বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা তৈয়বর রহমান মাস্টারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। এমনকি তাঁর হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ‘এ মুহূর্তে কীসের ভূরিভোজের আয়োজন করা হয়েছে, তা আমার জানা নেই। যেহেতু এখনো ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, সেহেতু এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com