ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:২৮ এএম, ০৯ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

বিয়ের ৪ বছর পর জন্ম নিল প্রথম সন্তান, চুরি হয়ে গেল হাসপাতাল থেকে

প্রকাশিত : ০১:২৮ এএম, ০৯ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

নিউজ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

চুরি হওয়া নবজাতকের মা মরিয়মের বয়স ১৯ বছর। তার স্বামী শামীম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। এটি এই দম্পতির প্রথম সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সকাল ১০টা ৫০ মিনিটে মরিয়মকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরদিন ৬ অক্টোবর সকালে চিকিৎসক ইশরাত হোমায়েরা নীলার তত্ত্বাবধানে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেশিয়া দেন চিকিৎসক তৌহিদ।

মরিয়মের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চানপুর এলাকায়। তার মা মমতাজ বেগম তাকে হাসপাতালে ভর্তি করান। প্রায় চার বছর আগে মরিয়মের বিয়ে হয়। দীর্ঘ অপেক্ষার পর প্রথম সন্তানের জন্ম হলেও বাড়ি নেওয়ার আগেই নবজাতক নিখোঁজ হওয়ায় ভেঙে পড়েছে পরিবারটি।

হাসপাতালের গাইনি বিভাগের নার্সিং ইনচার্জ খাদিজা আক্তার সুবর্ণা জানান, ঘটনার সময় মিডওয়াইফ নার্স নুসরাত জাহান এ্যানি, নার্স ফাতেমা আক্তার ও সাদিয়া খানম দায়িত্বে ছিলেন। ঘটনার পরপরই তারা বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় কে কোন নবজাতককে কোলে নিচ্ছেন, তা সব সময় নজরে রাখা কঠিন। নবজাতকদের নিরাপদে রাখার বিষয়ে রোগীদের একাধিকবার সতর্ক করা হলেও অনেকে তা যথাযথভাবে অনুসরণ করেন না।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই হাসপাতালে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নবজাতক উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, ঘটনার পরপরই তারা হাসপাতালে যান। সদর থানা-পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের অন্যান্য দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধারে কাজ করছে।

পুলিশ জানায়, ফুটেজে নবজাতক কোলে নিয়ে এক নারীকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। ভিডিও বিশ্লেষণ করে ওই নারীকে শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি নবজাতককে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান চালানো হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com