শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়াচ্ছেন ঝাড়খণ্ডের কবিতা কুমারী।
পরনে শাড়ি, পায়ে নেই জুতা। উত্তপ্ত মাটিতে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়ে মাত্র ছয় মিনিটে নির্ধারিত দূরত্ব শেষ করে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের ঝাড়খণ্ডের ২৭ বছর বয়সী কবিতা কুমারী। তার দৌড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসা পাচ্ছেন তিনি।
ঝাড়খণ্ডের রামগড় জেলার সোসো গ্রামের বাসিন্দা কবিতা। তিন বছর আগে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার স্বামী দীপক মাহাতো মারা যান। এরপর দুই সন্তানের দায়িত্ব একাই কাঁধে তুলে নেন তিনি। সংসারের খরচ চালাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ শুরু করেন কবিতা।
তবে পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন তিনি। সেই লক্ষ্যেই পুলিশ বা হোম গার্ডে নিয়োগের প্রস্তুতি শুরু করেন।
অর্থনৈতিক সংকটের কারণে দৌড়ানোর জন্য প্রয়োজনীয় জুতা বা পোশাক কেনার সামর্থ্য ছিল না কবিতার। তাই প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠে সন্তানদের ঘুম ভাঙার আগেই গ্রামের রাস্তায় খালি পায়ে দৌড় অনুশীলন করতেন তিনি।
সম্প্রতি সরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় একটি প্রশিক্ষণ একাডেমির আয়োজিত পরীক্ষামূলক দৌড়ে অংশ নেন কবিতা। সেখানে নির্ধারিত ১০ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড় শেষ করার কথা থাকলেও তিনি মাত্র ছয় মিনিটেই দূরত্বটি অতিক্রম করেন। তার পারফরম্যান্সে উপস্থিত প্রশিক্ষক ও দর্শকেরা বিস্মিত হন।
ঝাড়খণ্ডে আগামী ২৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত হোম গার্ড নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রামগড় জেলায় ২৮৪টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক পদ নারীদের জন্য সংরক্ষিত। পাশাপাশি বিধবা ও বিবাহবিচ্ছিন্ন নারীদের জন্য অতিরিক্ত ৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে।
কবিতার এই লড়াইয়ের গল্প ও খালি পায়ে দৌড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার সাহস ও দৃঢ়তার প্রশংসা করছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com