প্রতিবেশীর বাড়ি ঝুঁকিতে ফেলে অবৈধভাবে মাটি কাটায় দণ্ডিত শাহীন আলম।
লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিবেশীর বসতবাড়ি ঝুঁকিতে ফেলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শাহীন আলম (৪৫) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত শাহীন আলম ওই এলাকার মৃত আব্দুল মোত্তালেবের ছেলে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, শাহীন আলম প্রতিবেশীর বসতবাড়ির সীমানা ঘেঁষে গভীর করে মাটি কাটছিলেন। এতে ওই বাড়িটি ঝুঁকির মধ্যে পড়ে। পরে প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেয়।
অভিযোগের পর মাটি কাটা বন্ধ করতে তুষভাণ্ডার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে একাধিকবার ঘটনাস্থলে পাঠানো হয়। তবে অভিযোগ রয়েছে, নির্দেশনা অমান্য করে শাহীন আলম মাটি কাটার কাজ চালিয়ে যান।
পরে ইউএনও সাইফুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন। প্রতিবেশীর বাড়ির ক্ষতির ঝুঁকি তৈরি করে অবৈধভাবে মাটি কাটার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত শাহীন আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত শাহীন আলমকে লালমনিরহাট কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com