মিরসরাইয়ে চলন্ত সিএনজিতে বৃদ্ধাকে অচেতন করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে দরবেশ সেজে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হালিমা বেগম (৬০) জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
হালিমা বেগম জানান, দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চালক তাকে একা পেয়ে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে থাকেন। এ সময় চালককে মুঠোফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায়।
তার ভাষ্য, কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় দরবেশের বেশে এক ব্যক্তি সিএনজিতে ওঠেন। চালকের করা প্রশ্নের সূত্র ধরে ওই ব্যক্তি তার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি ‘শয়তানের নিঃশ্বাস লাগানো’ বলে একটি পাঁচ টাকার নোট তার নাকের কাছে ধরেন। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন বলে দাবি করেন হালিমা।
হালিমার অভিযোগ, অচেতন অবস্থায় ওই ব্যক্তি তার পরনে থাকা প্রায় সাড়ে ৪ আনা স্বর্ণালংকার খুলে নেন। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। পরে তাকে মহাসড়কের মস্তাননগর এলাকায় নামিয়ে দিয়ে চালক ও দরবেশের বেশধারী ব্যক্তি দ্রুত চলে যান।
পরে জ্ঞান ফেরার পর স্বর্ণালংকার না থাকার বিষয়টি বুঝতে পারেন হালিমা। এরপর মেয়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com