ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৩ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ফেসবুক ভিডিও দেখে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী

প্রকাশিত : ১২:৫৩ এএম, ০২ অক্টোবর ২০২৬

তিন মাস পর স্ত্রীকে খুঁজে পেয়ে তাকে বুকে জড়িয়ে নেন স্বামী।

নিউজ ডেস্ক :

প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া মানিকগঞ্জের সাটুরিয়ার এক মানসিকভাবে অসুস্থ নারীকে সিংগাইর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন তার স্বামী। স্থানীয় এক কনটেন্ট ক্রিয়েটরের করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্ত্রীকে শনাক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ‘ভয়েস অব রবিউল ভাই’ পেজের কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ওই নারী। স্ত্রী নিখোঁজ হওয়ার পর স্বামী আত্মীয়-স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল ও বিভিন্ন মাজারসহ সম্ভাব্য জায়গায় খোঁজ করেন। দীর্ঘদিন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি।

এদিকে নিখোঁজ ওই নারী নিজের নাম-ঠিকানাও ঠিকভাবে বলতে পারছিলেন না। পরে তাকে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে অসহায় অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। কখনো মানুষের কাছে খাবার চাইতেন, আবার কখনো রাস্তার পাশেই অবস্থান করতেন তিনি।

এ সময় স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের নজরে পড়েন ওই নারী। তিনি ‘ভয়েস অব রবিউল ভাই’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ওই নারীর একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তার অসহায় অবস্থার কথা তুলে ধরে পরিচয় শনাক্তের মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি ওই নারীর স্বামীর নজরে আসে। ভিডিও দেখে তিনি স্ত্রীকে শনাক্ত করেন। পরে পরিচয় ও অবস্থান নিশ্চিত করে গত ২৮ সেপ্টেম্বর সিংগাইরের গোবিন্দল এলাকায় গিয়ে প্রায় তিন মাস পর স্ত্রীকে খুঁজে পান।

দীর্ঘদিন পর স্ত্রীকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বামী। স্বামীকে দেখে ওই নারীও তাকে চিনতে পারেন। পরে তিনি স্ত্রীকে বুকে জড়িয়ে নেন। এ সময় সেখানে উপস্থিত স্থানীয় লোকজনও আবেগঘন মুহূর্তটির সাক্ষী হন।

স্ত্রীকে ফিরে পাওয়ার পর স্বামী আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যকে ফিরে পাওয়ায় স্বজনদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।

গত ২৯ সেপ্টেম্বর স্বামী-স্ত্রীর পুনর্মিলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকে আবেগাপ্লুত হন। একই সঙ্গে ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের প্রশংসা করেন অনেকে।

রবিউল হক বলেন, রাস্তার পাশে অসহায় অবস্থায় ওই নারীকে দেখে তার কষ্ট হয়। তখনই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন তিনি। এ উদ্দেশ্যে ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন। পরে ওই নারীর স্বামী ভিডিওটি দেখে যোগাযোগ করেন এবং এসে তাকে নিয়ে যান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com