ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:১৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

অপ্রতিম হত্যা: অজ্ঞাত নম্বর থেকে গালিগালাজ-হুমকি, জিডি করলেন বাবা

প্রকাশিত : ০১:১৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের শোক কাটিয়ে ওঠার আগেই অজ্ঞাত নম্বর থেকে ফোন করে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে অপ্রতিমের পরিবার। বিষয়টি উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিহতের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে অপ্রতিমের বাবা জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে একটি গ্রামীণফোন নম্বর থেকে তার মুঠোফোনে কল আসে। পরিচয় জানতে চাইলে অপর প্রান্ত থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি। কল কেটে দেওয়ার পরও একাধিকবার ফোন আসায় নম্বরটি ব্লক করে দেন তিনি। পরে একটি এয়ারটেল নম্বর থেকেও বারবার কল করে বিরক্ত করা হয় বলে জানান তিনি।

কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ছেলেকে শুধু আইফোনের জন্য হত্যা করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তারা জানেন না। বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন আসায় পরিবারের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি খুলে অপ্রতিম ও তার মাকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা নিজের মুঠোফোন নম্বর বন্ধ রেখেছেন বলে জানান তিনি।

নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে অপ্রতিমের বাবা বলেন, ছেলেকে হত্যার পর মামলার আসামিরা তার সঙ্গে ছেলেকে খোঁজার অভিনয় করেছিলেন বলে তার সন্দেহ। এখন ওই ঘটনার সঙ্গে জড়িত মূল হোতারা তার বাসায় এসে স্বাভাবিকভাবে মেলামেশা করছে কি না, তা নিয়েও তিনি উদ্বিগ্ন। তদন্তের স্বার্থে পুলিশ অনেক তথ্য প্রকাশ করছে না জানিয়ে দ্রুত বিষয়টির সুরাহা চান তিনি।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ জানান, সাইবার বুলিং এবং অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। পরে সানন্দা এলাকার একটি পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com