ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা :
প্রকাশিত : ০৯:২৫ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় আসছে রাতে

প্রকাশিত : ০৯:২৫ এএম, ০২ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আসছে পারমাণবিক জ্বালানি।

নিজস্ব সংবাদদাতা :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি নিয়ে রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিশেষ কার্গো বিমান। সময়সূচিতে পরিবর্তন হওয়ায় শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার বিকেলে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, ইউরেনিয়ামবাহী বিমানটি রাশিয়া থেকে রওনা হয়ে ভারতে বিরতি দিয়ে বাংলাদেশে আসবে। বিমানটি ঢাকায় পৌঁছানোর পর পারমাণবিক জ্বালানি রূপপুরে নেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশেষ কার্গো বিমানে করে পারমাণবিক জ্বালানি আনার পর শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। এ কাজে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।

এর আগে বৃহস্পতিবার পারমাণবিক জ্বালানি দেশে আসার কথা থাকলেও পরে সময় এক দিন পিছিয়ে শুক্রবার করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে জ্বালানি পরিবহনে কোনো জটিলতা নেই।

রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—সব মিলিয়ে নয়টি কার্গোতে পারমাণবিক জ্বালানি দেশে আনার পরিকল্পনা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার লক্ষ্য রয়েছে।

রূপপুরের প্রথম ইউনিটে ইতোমধ্যে জ্বালানি লোড করা হয়েছে। তবে প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির একটি অংশ পরিবর্তনের প্রয়োজন হবে। এ কারণে প্রয়োজনীয় জ্বালানি আগেই দেশে আনা হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া জ্বালানি সরবরাহ করবে। পরবর্তী সময়ে নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হলেও বিভিন্ন কারণে বিদ্যুৎ উৎপাদনের সময়সূচি পিছিয়েছে।

চলতি মাসে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা থাকলেও সেফটি ভালভে ত্রুটি দেখা দেওয়ায় তা সম্ভব হয়নি। বুধবার সেফটি ভালভের মেরামতকাজ সম্পন্ন হয়েছে বলে এনপিসিবিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

তবে বিদ্যুৎ উৎপাদন শুরু করার আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষা সফল হলে প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com