দোহারে মা-বাবা হারানো পাঁচ কন্যার পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
ঢাকার দোহারে এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারানো পাঁচ কন্যাশিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদমাধ্যমে পরিবারের দুরবস্থার খবর প্রকাশের পর বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে তার নির্দেশে পরিবারের কাছে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়।
প্রতিনিধি দলের সদস্যরা পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পাঁচ কন্যার খোঁজখবর নেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের জন্য আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মোকছেদুল মোমিন মিথুন বলেন, দল-মত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ‘আমরা বিএনপি পরিবার’ কাজ করছে। সংবাদমাধ্যমে পরিবারটির দুরবস্থার খবর প্রকাশের পর বিষয়টি তারেক রহমানের নজরে আসে এবং তিনি পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ২৮ আগস্ট রাধানগর গ্রামের নিজ বাড়িতে ফরিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর ৩১ দিন পর ২৯ সেপ্টেম্বর একই বাড়ির একটি কক্ষ থেকে তার স্বামী কৃষক আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিল।
আবুল কালাম ও ফরিদা দম্পতির পাঁচ মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়েছে। মা-বাবার মৃত্যুর পর পরিবারের বাকি সদস্যদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com