শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে মারধরের অভিযোগ উঠেছে।
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তিন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীকে মারধর এবং দুটি চেম্বার ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির একটি পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার আইনজীবীরা হলেন সানোয়ার মল্লিক, শাহীন খান ও তানিয়া সুলতানা। তারা নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে কয়েকজন আইনজীবী কর্মসূচির আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এর প্রতিবাদে বুধবার বেলা ১১টার দিকে আদালত চত্বরে মিছিল করেন সদর উপজেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক। মিছিলটির নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ।
অভিযোগ রয়েছে, মিছিল থেকে কয়েকজন সানোয়ার মল্লিককে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সিঁড়িতে মারধর করেন। পরে তাকে টেনে আদালত ভবনের সামনে এনে আবার মারধর করা হয়।
সানোয়ার মল্লিকের অভিযোগ, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুই দিন আগে কয়েকজন আইনজীবী কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। এর জেরেই বিএনপির কয়েকজন নেতা-কর্মী আদালত চত্বরে মিছিল করেন। ওই মিছিল থেকে মাহবুব মোর্শেদ ও তার ছেলে মিহির তাকে মারধর করেন। রড দিয়ে আঘাত করে তাকে আহত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে মাহবুব মোর্শেদ মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কিছু লোক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচি করছে—এর প্রতিবাদে বিএনপি আদালত চত্বরে মিছিল করেছে। মিছিল থেকে সংক্ষুব্ধ হয়ে কেউ কিছু ঘটিয়ে থাকতে পারেন। কারা ঘটিয়েছে, তা তিনি জানেন না বলে দাবি করেন।
এদিকে মিছিল শেষে বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক আইনজীবী সমিতির পাশে একটি ভবনে থাকা শাহীন খান ও তানিয়া সুলতানার চেম্বারে যান বলে অভিযোগ করেন ওই দুই আইনজীবী। তাদের দাবি, সেখানে তাদের মারধর এবং চেম্বার ভাঙচুর করা হয়।
তানিয়া সুলতানার অভিযোগ, বিএনপির ৩০ থেকে ৩৫ জন তাদের চেম্বারে প্রবেশ করেন। হামলাকারীদের ভয়ে শাহীন খান টয়লেটে আশ্রয় নিলে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মারধর ও গালাগাল করেন। বিষয়টি তারা জ্যেষ্ঠ আইনজীবী ও আইনজীবী সমিতিকে জানিয়েছেন বলে জানান তিনি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পুলিশ আদালতে পৌঁছানোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com