৪১ ব্যাংকের সিএসআর ফান্ডের ২৭৬ কোটি টাকা সংগ্রহের অভিযোগে মামলা করেছে দুদক।
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নামে ৪১টি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহের অভিযোগের মামলায় তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারকে আসামি করা হয়েছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, ৪১টি তফসিলি ব্যাংকের কাছ থেকে পাওয়া তথ্য ও নথিপত্র পর্যালোচনা করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, ওই ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে ট্রাস্টের নামে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, শেখ হাসিনা ট্রাস্টের সভাপতি এবং শেখ রেহানা সহসভাপতি ছিলেন। দুদকের অভিযোগ, ব্যক্তিগত লাভের অসৎ উদ্দেশ্যে ট্রাস্টটি ব্যবহার করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের মাধ্যমে প্রভাব বিস্তার করে ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে অর্থ সংগ্রহ করা হয়।
দুদকের অনুসন্ধানে আরও বলা হয়েছে, তৎকালীন বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার নির্বাহী কমিটির সভায় নির্ধারিত আলোচ্যসূচির বাইরে ‘বিবিধ’ আলোচনায় ট্রাস্টকে ব্যাংকের সিএসআর তহবিল থেকে অর্থ দেওয়ার বিষয়টি উপস্থাপন করেন। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ব্যাংকে অর্থ দেওয়ার জন্য চিঠি পাঠানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
দুদকের দাবি, বাংলাদেশ ব্যাংকের সিএসআর নীতিমালায় এ ধরনের ট্রাস্টকে সিএসআর তহবিল থেকে অর্থ দেওয়ার কোনো বিধান নেই। সংস্থাটি আরও বলেছে, অনুসন্ধানের সময় ট্রাস্টটির কার্যক্রম ও অনুমোদনসংক্রান্ত বিষয়ও যাচাই করা হয়েছে।
এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনা, শেখ রেহানা ও নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটিতে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গসহ সংশ্লিষ্ট আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com