ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:১৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

দুস্থদের অনুদানের তালিকায় চেয়ারম্যান পদপ্রার্থীসহ বিত্তবান নেতাদের নাম, এমপি বলছেন তাঁরা পাওয়ার যোগ্য

প্রকাশিত : ০৬:১৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

নিউজ ডেস্ক :

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা জিআর (জেনারেল রিলিফ) অনুদানের অর্থ বিতরণে দলীয়করণের অভিযোগ উঠেছে সংসদ সদস্য মো. আব্দুল আজিজের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার উপকারভোগীদের তালিকায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিত্তবান ব্যক্তিদের নামও রাখা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, দলের মধ্যেও অনেক অসহায় নেতা-কর্মী রয়েছেন। যাচাই-বাছাই করেই উপকারভোগীদের তালিকা করা হয়েছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদেরও বড়াইগ্রামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বরাদ্দের টাকা কেউ সংগ্রহ না করলে পরবর্তী সময়ে তা দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

অনুসন্ধানে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুস সালাম ফকিরের নামও জিআর অনুদানের তালিকায় রয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় সংসদ সদস্য মো. আব্দুল আজিজের সুপারিশে বড়াইগ্রামে ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই তালিকায় আব্দুস সালামের নামে ২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেখানো হয়েছে।

সরকারি নথি ও সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ৯৮ জন উপকারভোগীর মধ্যে জিআর অনুদানের অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশীদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তালিকায় থাকা সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১২টি পরিবারের সদস্যকে ৭ হাজার টাকা করে দেওয়া হয়। বাকি ৮৬ জনকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে অর্থ সংগ্রহ করতে হয়। অভিযোগ রয়েছে, এই ৮৬ জনের তালিকায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের নাম রয়েছে।

তালিকায় থাকা কয়েকজন অবশ্য দাবি করেছেন, তারা নিজেরা এই অর্থ নেননি কিংবা তাদের অজান্তেই তালিকায় নাম দেওয়া হয়েছে।

গুরুদাসপুর উপজেলাতেও একই ধরনের অভিযোগ উঠেছে। গত ২৯ জুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ৭০ জনের মধ্যে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, সেখানেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিত্তবান নেতা-কর্মীদের নাম অন্তর্ভুক্ত করে জিআর অনুদান দেওয়া হয়েছে।

নাটোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষই এ ধরনের সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং বড়াইগ্রাম উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. আমিনুর রশীদ বলেন, এটি সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ। উপকারভোগীদের তালিকা সংসদ সদস্য করেছেন এবং যাচাই-বাছাইও তিনিই করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি সংসদ সদস্যের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com