গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, দেশের বিভিন্ন এলাকায় এখনো রাস্তা, ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি, সেখানেই রাস্তা নেই, ব্রিজ নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানি নেই। তাহলে উন্নয়ন হলোটা কী?’
বিএনপির নেতৃত্বে বিভিন্ন সময়ে দেশের উন্নয়ন হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, ততবার বিএনপির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে। ১৯৭৫-পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে দেশের অর্থনীতি ও কৃষিকে এগিয়ে নিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। ১৯৯১ সালে খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর উন্নয়নের ধারা এগিয়ে যায় এবং ২০০১ সাল থেকেও তা অব্যাহত ছিল বলে দাবি করেন মীর শাহে আলম।
দীর্ঘ আন্দোলনের পর জনগণ বিএনপিকে আবার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার সাত মাস ধরে দায়িত্ব পালন করছে। দেশের মানুষকে ‘বেহেশতের গ্যারান্টি’ দেওয়া সম্ভব না হলেও উন্নয়নের গ্যারান্টি দেওয়া সম্ভব। দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
গাইবান্ধা দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বিনা ভোটে নির্বাচন, দিনের ভোট রাতে এবং ডামি নির্বাচনের সময় এ জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। গাইবান্ধার কৃষি উন্নয়ন, নদীভাঙন রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গ্যাস ও বিদ্যুৎ সমস্যাসহ জ্বালানি খাতের বিভিন্ন বিষয়ে সরকার কাজ করছে। ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালুর জন্য ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন ২০২৭ সালের জানুয়ারি থেকে নির্বাচন শুরু করে জুনের মধ্যে শেষ করতে চায়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তবে কোনো ধরনের অনিয়মের দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
গাইবান্ধার বালাসীঘাটে সেতু নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। সরকারের ওপর বিপুল ঋণের বোঝা রয়েছে এবং প্রতি মাসে এসব ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে। এ পরিস্থিতিতে বড় সেতু নির্মাণে বৈদেশিক উদ্যোক্তা খোঁজা হচ্ছে।
তিনি বলেন, গাইবান্ধার বালাসী, সারিয়াকান্দিসহ চারটি সেতু নির্মাণের যে দাবি রয়েছে, উদ্যোক্তা খুঁজে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও জেলার উন্নয়নসংক্রান্ত সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com