ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:১০ এএম, ০৩ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

আদালতে নেওয়ার সময় হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান, ‘অবৈধ অর্ডার মানি না’

প্রকাশিত : ০৪:১০ এএম, ০৩ অক্টোবর ২০২৬

আদালতে নেওয়ার সময় হেলমেট ছুড়ে ফেলেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

নিউজ ডেস্ক :

জামায়াতে ইসলামীর নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে নেওয়ার সময় হাতকড়া ও নিরাপত্তা হেলমেট পরানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ সময় হেলমেট ছুড়ে ফেলে আখতারুজ্জামান বলেন, ‘সরকারের অবৈধ অর্ডার মানি না।’

শনিবার (৩ অক্টোবর) বিমানবন্দর থানার মামলায় তাকে আদালতে নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আদালতে নেওয়ার সময় আখতারুজ্জামান বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।’ তিনি আরও বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রিজনভ্যানের ভেতর থেকে পুলিশকে উদ্দেশ করে আঙুল তুলে কথা বলতেও তাকে দেখা যায়। একপর্যায়ে তিনি মাথায় থাকা হেলমেটটি ছুড়ে ফেলে দেন।

আখতারুজ্জামান বলেন, ‘জুলুম, নির্যাতন করে আমাদের থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে।’ তিনি জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখার কথাও বলেন।

এ সময় জামায়াত-সমর্থিত আইনজীবীরা আদালত অঙ্গনে স্লোগান দেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং এক নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় গ্রেপ্তারের পর রাতে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাত সোয়া ৭টার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি আখতারুজ্জামানকে থানায় দিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থানায় দায়ের করা কাজে বাধা দেওয়ার মামলায় আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম বিমানবন্দর থানা পুলিশ পরিচালনা করবে।

এর আগে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। ওই দিন সন্ধ্যায় ডিবি প্রধান শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

একই দিন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com