মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের চোট নিয়ে নতুন দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগা চোটকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দাবির পক্ষে তার কাছে চিকিৎসাসংক্রান্ত নথি রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
শুক্রবার নন্দীগ্রামের আসন্ন বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের পক্ষে প্রচারে গিয়ে বিরুলিয়া বাজারে এক সমাবেশে এসব কথা বলেন শুভেন্দু। তিনি বলেন, তাকে এ বিষয়ে চ্যালেঞ্জ করা হলে সংশ্লিষ্ট নথি জনসমক্ষে প্রকাশ করবেন।
শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। ওই সময় হাসপাতাল-সংক্রান্ত কিছু নথি তার হাতে আসে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স-রে প্রতিবেদনে ‘কোনো ফ্র্যাকচার নেই’ উল্লেখ ছিল।
শুভেন্দু আরও দাবি করেন, মমতার গাড়ির খোলা দরজা রাস্তার পাশের একটি লোহার খুঁটিতে ধাক্কা খেয়ে তার পায়ে আঘাত করে। তার অভিযোগ, ঘটনাটিকে পরবর্তী সময়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল। এ বিষয়ে প্রয়োজন হলে তিনি নথি প্রকাশ করবেন বলেও জানান।
২০২১ সালের ১০ মার্চ নির্বাচনী প্রচারের সময় নন্দীগ্রামের বিরুলিয়ার রেয়াপাড়া এলাকায় আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, কয়েকজন তাকে ধাক্কা দিয়ে গাড়ির খোলা দরজার দিকে ফেলে দেয়। পরে হাসপাতাল থেকে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, ভিড়ের চাপে তার পা গাড়ির পাশে পিষে যায়।
ঘটনার পর মমতাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসার পর ১২ মার্চ বাঁ পায়ে কাস্ট বা প্লাস্টার নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। পরে হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচারে অংশ নেন।
তবে ওই ঘটনার তদন্তে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকদের প্রতিবেদনে মমতার ওপর পরিকল্পিত হামলার প্রমাণ পাওয়া যায়নি। পর্যবেক্ষকেরা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছিলেন। কমিশনও পরে জানায়, মমতার ওপর হামলা চালানো হয়েছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে শুভেন্দুর নতুন দাবির পর ২০২১ সালের ওই ঘটনা নিয়ে আবারও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তার দাবিতে উল্লেখ করা চিকিৎসা নথির পূর্ণাঙ্গ বিষয়বস্তু ও এর প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com