জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারী, মানবাধিকারকর্মী, বিরোধী দলের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সদস্যরা।
ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চলমান বিতর্কের মধ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) এ কর্মসূচিকে ঘিরে মধ্য দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়। নির্বাচন কমিশনকে দীর্ঘদিন ধরে দেশটির গুরুত্বপূর্ণ ও স্বাধীন প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক সময়ে এর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
এদিকে রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তারা বৃহস্পতিবার নয়াদিল্লিতে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করবে না। তবে শুক্রবার মুম্বাইয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সমাবেশ করার কথা রয়েছে তাদের। পরবর্তী সময়ে আন্দোলনটি দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।
বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই মধ্য দিল্লিতে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীদের আটক করার খবরও পাওয়া গেছে।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, যন্তর মন্তরে যাওয়ার একাধিক প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব নিষেধাজ্ঞার আওতায় অনুমতি ছাড়া জনসভা, পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, স্লোগান, বিক্ষোভ ও বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
কাকতালীয়ভাবে বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীও পালিত হচ্ছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা গান্ধী ব্রিটিশবিরোধী আন্দোলনে অহিংসা, পদযাত্রা ও অনশনের মতো কর্মসূচির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার আগ পর্যন্ত দেশটির স্বাধীনতা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com