ঢাকা, ০১ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৫২ এএম, ০১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ঢাকা মহানগর বিএনপি-যুবদল-ছাত্রদলের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

প্রকাশিত : ০৩:৫২ এএম, ০১ অক্টোবর ২০২৬

ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনে সাংগঠনিক সিদ্ধান্ত।

নিউজ ডেস্ক :

ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে দলীয় পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সংশ্লিষ্ট দল ও সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় কিছু নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে আলোচনার মধ্যেই এসব সাংগঠনিক সিদ্ধান্ত এলো। তবে দলীয় বিজ্ঞপ্তিগুলোতে রাড্ডায় হামলার ঘটনার কোনো উল্লেখ নেই। বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খলাবিরোধী, অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের কথা বলা হয়েছে। যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে কমিটি বিলুপ্তির কারণ উল্লেখ করা হয়নি।

অন্য এক বিজ্ঞপ্তিতে তিন নেতাকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। তারা হলেন শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু।

অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

অন্যদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের ছয়জন বহিষ্কার

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ ছাড়া শ্রমিক দলের চার নেতাকেও সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।

শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও দল থেকে বহিষ্কার করা হয়। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com