ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:২৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ডাকসু-সাদিক কায়েম বিতর্কে রফিকুল ইসলাম মাদানীর তীব্র সমালোচনা

প্রকাশিত : ০১:২৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ছাত্রনেতা সাদিক কায়েমকে ঘিরে চলমান বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা ও পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়ার প্রত্যাশায় ইসলামপন্থীদের একটি অংশ নিজেদের আদর্শ থেকে সরে যাচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে রফিকুল ইসলাম মাদানী বলেন, ডাকসু ও সাদিক কায়েমের বিষয়ে আর কিছু লিখবেন না ভেবেছিলেন। তবে তার ভাষ্য, সংশ্লিষ্টরা ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ না করে সাদিক কায়েমের বক্তব্যের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

মাদানী অভিযোগ করেন, একদল ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরকে ব্যবহার করে সাদিক কায়েমের বক্তব্যের পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে। তিনি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের খেলাধুলা ও পোশাক নিয়ে বিভিন্ন যুক্তিরও সমালোচনা করেন।

তার বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের খেলাধুলা করা নতুন কোনো বিষয় নয় এবং এ নিয়ে আপত্তি তোলাই মূল প্রশ্ন নয়। বরং তার অভিযোগের বিষয় হলো, ইসলামি পরিচয়ধারী কোনো সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি এমন একটি আয়োজনের সঙ্গে কীভাবে যুক্ত হলেন এবং সেখানে কী ধরনের বক্তব্য দিয়েছেন।

ফেসবুক পোস্টে মাদানী আরও অভিযোগ করেন, ইসলামে নিষিদ্ধ হিসেবে বিবেচিত কোনো বিষয় প্রকাশ্যে আয়োজন ও সমর্থনের পর সেটির সঙ্গে যুক্ত ব্যক্তিকে প্রশংসা বা উৎসাহ দেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে দেশের কোনো ফতোয়া বোর্ড বা সংশ্লিষ্ট ইসলামি কর্তৃপক্ষের কাছে মতামত নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি আরও দাবি করেন, ইসলামপন্থী বিভিন্ন ব্যক্তি ও সংগঠন বর্তমানে নিজেদের ‘মডারেট’ ও ‘প্রগতিশীল’ হিসেবে উপস্থাপন করে পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। এ ক্ষেত্রে তিনি বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তুলনা করেন।

একই পোস্টে বিএনপির নেত্রী শামা ওবায়েদের জাতিসংঘে নারী চালকসহ ‘পিংক বাস’ নিয়ে বক্তব্যের প্রসঙ্গ টেনে মাদানী সেটিরও সমালোচনা করেন। তার দাবি, আগামী এক-দুই বছরে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশায় ইসলামপন্থীদের একটি অংশ আরও বেশি ছাড় দিতে পারে।

পোস্টের শেষ দিকে মাদানী সংশ্লিষ্টদের প্রকাশ্যে অবস্থান পরিবর্তন করলেও ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com