ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৫৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সালমানের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ঢাবি ছাত্রদল নেতা আবিদ

প্রকাশিত : ০২:৫৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।

নিউজ ডেস্ক :

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ। তিনি বলেছেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তারা লজ্জিত।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আবিদ।

পোস্টে তিনি লেখেন, ‘সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা। আমরা লজ্জিত। ক্রিমিনালদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান করছি। পুরো ঘটনাকে দ্রুত সময়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে জাতির সামনে উপস্থাপন করুন।’

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ওঠে। এক কর্মকর্তা অভিযোগ করেন, প্রায় ১০০ থেকে ১৫০ জন স্টুডিওতে ঢুকে হামলা চালায়। হামলাকারীদের কয়েকজনের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় স্টুডিওর বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। ফেসবুক লাইভে ক্ষতিগ্রস্ত স্টুডিও দেখিয়ে সালমান বলেন, তিনি থেমে থাকবেন না এবং দেশ থেকে সম্ভব না হলে দেশের বাইরে থেকেও কাজ চালিয়ে যাবেন। এ ঘটনায় মামলা করার কথাও জানান তিনি।

হামলায় বিএনপির লোকজন জড়িত থাকার অভিযোগ তুলে সালমান বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন তোমরা আমার ড্রিমটা নষ্ট করছো?’

তবে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউগ্রিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হামলার সঙ্গে কারা জড়িত এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com