ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:২৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

অক্টোবর-নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৭:২৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

নিউজ ডেস্ক :

আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্যে জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

টোকিও, রিয়াদ ও আঙ্কারার কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, অক্টোবরে জাপান এবং নভেম্বরে তুরস্ক ও সৌদি আরব সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান, নভেম্বরের শুরুতে তুরস্ক এবং মাসের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফর হতে পারে।

তবে তুরস্ক সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কপ৩১-এ সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে।

জাপান সফর

কূটনৈতিক সূত্র অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমানের টোকিও সফরের প্রস্তুতি চলছে। সম্ভাব্য তিন থেকে চার দিনের সফরে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জনশক্তি রপ্তানি ও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টিও সফরের আলোচনায় থাকতে পারে।

তুরস্ক সফর

নভেম্বরের ৯ থেকে ২০ তারিখ পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ৩১। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির তথ্য অনুযায়ী, সম্মেলনের ভেন্যু আনতালিয়া এক্সপো সেন্টার।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি হওয়ায় সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার মতো বিষয় গুরুত্ব পেতে পারে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক বৈঠকেও তারেক রহমানের কপ৩১-এ সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে।

সৌদি আরব সফর

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে নভেম্বরের দ্বিতীয়ার্ধে রিয়াদ সফর করতে পারেন তারেক রহমান।

সম্ভাব্য সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। রোহিঙ্গা সংকটেও সৌদি আরবের সহযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে।

সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। জনশক্তি রপ্তানির পাশাপাশি মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় থাকতে পারে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com