সালমান মুক্তাদির ও আলোকচিত্রী-সাংবাদিক শহিদুল আলম। ছবি: সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার সাহস ও সংযমের প্রশংসা করেছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম। রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সালমানের পাশে থাকার ঘোষণা দিয়ে ঘটনার নিন্দা জানান।
পোস্টে শহিদুল আলম জানান, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। দেশে থাকলে সরাসরি সালমানের স্টুডিওতে গিয়ে তার সাহসী অবস্থানের জন্য তাকে জড়িয়ে ধরতেন বলেও উল্লেখ করেন তিনি।
শুধু প্রশংসা করলেই দায়িত্ব শেষ হয় না উল্লেখ করে শহিদুল আলম বলেন, যারা চাঁদাবাজি বা এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন, তাদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া উচিত। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি।
এর আগে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে চাঁদা না দেওয়ার কারণে হামলার অভিযোগ করা হলেও পুলিশ জানিয়েছে, জায়গা দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে ভবনের একটি অফিসে হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। এতে স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তিনি হতাশা প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতারাও ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে চাঁদাবাজির সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com