ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩০ এএম, ০৩ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তোলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে: জামায়াত নেতার ছেলের অভিযোগ

প্রকাশিত : ১২:৩০ এএম, ০৩ অক্টোবর ২০২৬

মেজর (অব.) আখতারুজ্জামান ও তার ছেলে সাব্বির জামান।

নিউজ ডেস্ক :

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছোট ছেলে সাব্বির জামান। তার দাবি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

বাবার গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে সাব্বির জামান বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় সরকার তাদের হয়রানি করার চেষ্টা করছে। তার ভাষ্য, গত ১৭ বছর ধরে যে ধরনের পরিস্থিতি চলে এসেছে, এখনো একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, তার বাবার ফেসবুক পেজ ও সাম্প্রতিক লাইভ ভিডিওগুলো দেখলে তিনি কী বলেছেন এবং কোনো অন্যায় করেছেন কি না, তা বোঝা যাবে।

গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় আখতারুজ্জামান নিজেই জানান, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং জনগণের অধিকার ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার কথা বলেন।

আখতারুজ্জামানের গ্রেপ্তারের সূত্রপাত হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ঘটনার পর। ১ অক্টোবর মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব এবং ট্রলি সংকটকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তাকে গালাগাল, হুমকি এবং মারধরের হুমকি দেন। একই ঘটনায় দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে। এ ছাড়া জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত পর্যালোচনা করা হবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com