যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী নারী গ্রেপ্তার।
ঢাকার যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাসুমা খাতুন (৬৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএনসি জানিয়েছে, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে করে এক নারী হেরোইন নিয়ে ঢাকায় আসছেন। পরে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।
সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মাঝের আসনে থাকা মাসুমা খাতুনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছ থেকে মাদক থাকার তথ্য পাওয়া যায়। ডিএনসির নারী সদস্যদের সহায়তায় তার পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। এতে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন দাবি করেছেন, তিনি যশোর থেকে হেরোইনের চালানটি ঢাকায় নিয়ে আসছিলেন। তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশনায় তিনি মাদক বহন করছিলেন বলেও দাবি করেন তিনি। এর আগেও একইভাবে আরও দুইবার হেরোইন বহন করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মাসুমা।
ডিএনসি জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি আরও যাচাই-বাছাই ও তদন্ত করা হচ্ছে। তাহমিনার অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
কর্মকর্তারা জানান, মাদক পরিবহনে অপেক্ষাকৃত বয়স্ক নারী বা পরিবারের সদস্যদের ব্যবহার করা হচ্ছে কি না, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে সংঘবদ্ধ কোনো মাদকচক্রের পরিকল্পনা রয়েছে কি না, পাশাপাশি মাদকের উৎস, সরবরাহকারী ও সংশ্লিষ্ট সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় মাসুমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নম্বর ৮(গ) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
মামলার তদন্তের পাশাপাশি জব্দ করা মাদক ও মোবাইল ফোনের তথ্য, গ্রেপ্তার নারীর দেওয়া বক্তব্য এবং অন্যান্য গোয়েন্দা তথ্য যাচাই করে মাদকের উৎস ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com