ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৫৯ এএম, ০৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৫৯ এএম, ০৬ অক্টোবর ২০২৬

মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার।

নিউজ ডেস্ক :

মুন্সিগঞ্জে এক নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে রাজীব হোসেন অপু নামে এক যুবদল নেতাকে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজীব মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে স্বপন নামে তার এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে রাজীব, স্বপনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে কাটাখালী এলাকায় নিকাহ রেজিস্ট্রার মো. হাবিবুর রহমানের বাসায় যান। সেখানে বিয়ে পড়ানোর কথা বলে তাকে প্রথমে কাজী অফিসে এবং পরে জোর করে মুক্তারপুর এলাকায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

পরে একটি কক্ষে আটকে রেখে হাবিবুর রহমানের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তার নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল এবং হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রাণভয়ে হাবিবুর টাকা দিতে রাজি হন বলে অভিযোগে বলা হয়েছে। পরে তিনি অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জ শাখা থেকে নিজের হিসাব থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। এরপর স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের হাতে টাকা তুলে দিলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

প্রায় ২০ বছর ধরে মুন্সিগঞ্জের কাটাখালী এলাকায় নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন হাবিবুর রহমান। তিনি দৈনিক মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাহিদ হাসানের বাবা।

এ ঘটনায় সোমবার রাতে হাবিবুর রহমান বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় মামলা করেন। এতে রাজীব, স্বপন, কাটাখালী এলাকার সোহেলসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

হাবিবুরের ছেলে সাংবাদিক নাহিদ হাসান বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়া এবং মামলা না করার জন্য তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল। তবে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে তারা মামলা করেছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com