সালমান মুক্তাদির ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
‘ছাত্রদলে কোনো শিক্ষার্থী নেই’—কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে দেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদিরকে এ আমন্ত্রণ জানান তিনি।
পোস্টে নাসির উদ্দিন লেখেন, সালমান মুক্তাদিরের একটি বক্তব্য তার নজরে এসেছে। সেখানে ছাত্রদলে কোনো ছাত্র নেই বলে মন্তব্য করা হয়েছে। তার মতে, এ মন্তব্য থেকে মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে সালমান মুক্তাদিরের পূর্ণাঙ্গ ধারণা নাও থাকতে পারে।
ছাত্রদল সাধারণ সম্পাদক দাবি করেন, বর্তমানে দেশের দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে সংগঠনটির নেতাকর্মীদের অধিকাংশই নিয়মিত শিক্ষার্থী বলেও দাবি করেন তিনি।
নাসির উদ্দিন আরও দাবি করেন, গত ১৭ বছরের আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অনেকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন এবং কারাগারে থেকেও পরীক্ষায় অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাসির উদ্দিন বলেন, ওই আন্দোলনেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
সালমান মুক্তাদিরকে তার পছন্দের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, সেখানে সংগঠনটির নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং তাদের কার্যক্রম সম্পর্কে সরাসরি খোঁজ নিয়ে বাস্তবতা দেখার সুযোগ রয়েছে।
তার আশা, সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে সালমান মুক্তাদিরের ছাত্রদল সম্পর্কে ধারণার পরিবর্তন হবে এবং তিনি সংগঠনটিতে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে বাস্তব চিত্র জানতে পারবেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com