পুলিশের সহায়তায় পিচ্চি রাজার পালানোর দাবি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পুলিশের কাছ থেকে পালিয়ে যাননি বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পুলিশের দাবি, দায়িত্বে থাকা এক এসআই নিজেই প্রিজন ভ্যানের তালা খুলে পিচ্চি রাজাকে বের করে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে দেন। পরে ঘটনাটিকে পালিয়ে যাওয়ার ঘটনা হিসেবে সাজানো হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এসব তথ্য জানান।
পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর প্রিজন ভ্যানে ২৯ জন আসামিকে নিয়ে ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুরের দিকে যাওয়া হচ্ছিল। তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে ভ্যানটি থামানো হয়। সেখানে প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা এএসআই প্রবীর কুমার বিশ্বাস চালকের কাছ থেকে চাবি নেন।
এরপর তিনি হাজতি পিচ্চি রাজা ও খাইরুল বাশারকে ভ্যান থেকে বের করেন। খাইরুল বাশারকে ভ্যানের সামনে নেওয়া হলেও পিচ্চি রাজা ও এএসআই প্রবীর কুমার আর ভ্যানে ওঠেননি বলে জানায় পুলিশ।
পরে ঘটনাস্থলে আগে থেকে অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে করে পিচ্চি রাজা চলে যান। পুলিশ বলছে, রাত সাড়ে ৮টার দিকে এএসআই প্রবীর কুমার ঘটনাস্থলে ফিরে প্রিজন ভ্যানে ওঠেন। এরপর স্কট পার্টির সদস্যদের নিয়ে আসামি পালিয়ে যাওয়ার একটি ঘটনা সাজানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এএসআই প্রবীর কুমার, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব ও শাকিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা পুলিশি জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন।
এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, আদালত থেকে কাশিমপুর কারাগারে ফেরার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজা পালিয়ে যান। এরপর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। প্রায় আট দিন পর তদন্তে পালানোর ঘটনাটি ভিন্নভাবে সামনে আসে।
পুলিশ জানিয়েছে, পিচ্চি রাজাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com