কুড়িগ্রাম সীমান্তসংলগ্ন এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার দুই ভারতীয় নাগরিক।
কুড়িগ্রাম সীমান্তসংলগ্ন এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের আসাম রাজ্যের দুই নাগরিককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে তাদের হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন আসামের দক্ষিণ সালমারা-মানকারচর জেলার সুখচর থানার বড়বালু এলাকার ইসমাইল হোসেন (৩৫) ও খাজা আব্দুল আলীম (৩৯)। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে।
আহতদের দাবি, রোববার বিকেলে সীমান্তবর্তী এলাকায় গরুকে নদীতে গোসল করানোর সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের আটক করেন। বাংলাদেশি সন্দেহে তাদের মারধর ও গুলি করা হয় বলেও অভিযোগ করেন তারা।
তাদের ভাষ্য, পরে তাদের মৃত ভেবে সীমান্তসংলগ্ন এলাকায় ফেলে রাখা হয়। সেখান থেকে তারা নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
পরে স্থানীয় জেলে ও মাঝিরা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে পুলিশ তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত দুজন নিজেদের ভারতীয় নাগরিক দাবি করে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে তাদের ওপর বিএসএফ সদস্যদের গুলি ও মারধরের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com